রোহিত-বিরাটের বেতনে বড় কোপ, লাভবান হতে পারেন শুভমান গিল! ২২ ডিসেম্বর মহাগুরুত্বপূর্ণ বৈঠক

বিরাট কোহলি ও রোহিত শর্মার বার্ষিক বেতন কমতে পারে! সম্প্রতি এমন জল্পনা সামনে এসেছে যে, এই দুই তারকা ক্রিকেটারের বার্ষিক বেতন ২ কোটি টাকা পর্যন্ত কমানো হতে পারে। জানা যাচ্ছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি সংশোধনের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। টেস্ট এবং T20 থেকে অবসর নেওয়ার পর এই দুই তারকাকে A+ গ্রেড থেকে ডিমোট করে A গ্রেডে নামানো হতে পারে বলে পিটিআই-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
যদি চুক্তি সংশোধনের ফলে গ্রেড পরিবর্তন হয়, তবে তাদের বার্ষিক বেতন ৭ কোটি টাকা থেকে কমে ৫ কোটি টাকা হতে পারে। এদিকে, শুভমান গিল এই বৈঠকের ফলে লাভবান হতে পারেন। তিনি বর্তমানে গ্রেড A-তে থাকলেও, তিন ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাঁকে A+ গ্রেডে উন্নীত করা হতে পারে। সেক্ষেত্রে তাঁর বার্ষিক বেতন ৫ কোটি টাকা থেকে বেড়ে ৭ কোটি টাকা হতে পারে, যা তাঁর জন্য বড় সুখবর। এই বৈঠকে ঘরোয়া মহিলা ক্রিকেটারদের চুক্তি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।