মেসি জ্বরে কাবু কলকাতা, ‘ঈশ্বর’ দেখাতে পুত্র অ্যাব্রামকে নিয়ে শহরে শাহরুখ
December 13, 2025

ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার মাঝরাতে কলকাতায় পা রাখলেন ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর এই সফরের সাক্ষী হতে এবং সন্তান অ্যাব্রামকে ‘ঈশ্বর দর্শনে’র সুযোগ করে দিতে বলিউড সুপারস্টার শাহরুখ খানও এদিন মুম্বই থেকে কলকাতায় এসেছেন। অ্যাব্রাম বরাবরই ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত।
শুক্রবার মাঝরাতে কড়া নিরাপত্তার মধ্যে কলকাতা বিমানবন্দর থেকে শাহরুখ খান ও তাঁর কনিষ্ঠ পুত্র অ্যাব্রামকে বের হতে দেখা যায়। গত ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় আসার ইঙ্গিত দিয়েছিলেন, পরে এক্স হ্যান্ডেলে তিনি নিজেই ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা জানান। এক মঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ মেসি এবং ‘বলিউডের সম্রাট’ শাহরুখের উপস্থিতি শহরবাসীর জন্য এক বিরল দৃশ্যের সৃষ্টি করবে। মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে থাকবেন।