আরও দেড় কোটি ভোটারের নাম বাদ? বিস্ফোরক দাবি মমতার

বিজেপির নির্দেশে ভোটার তালিকা থেকে প্রায় দেড় কোটি মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের এজেন্টদের সভায় তিনি দাবি করেন, মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু এবং তফশিলী আদিবাসীদের ভোটাধিকার কেড়ে নেওয়াই গেরুয়া শিবিরের আসল লক্ষ্য। কেন্দ্রের এই ‘খোকাবাবুদের আবদার’ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এসআইআর-এর দোহাই দিয়ে দুই বছরের কাজ দুই মাসে শেষ করার চাপ দেওয়া হচ্ছে। এর নেপথ্যে সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে তাঁর ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভোটের ছয় মাস আগে থেকে রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প স্তব্ধ করে দিতেই পরিকল্পিতভাবে এই কৌশল নেওয়া হয়েছে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।